কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় রাতের আঁধারে বসতবাড়িতে জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ২৫শে আগস্ট থেকে দুইটি পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
ঘোড়াশাল গ্রামের আবদুর রশিদ মোল্লার ছেলে আমানুল ইসলাম ও মহসিন মিয়ার সাথে প্রতিবেশী জিয়া উদ্দিন ও দেলোয়ার মাস্টারের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ২৫শে আগস্ট রাতে জিয়া উদ্দিনের অনুসারীরা বেড়া দিয়ে দুই পরিবারের নারী ও শিশুদের অবরুদ্ধ করে রাখে।
ভুক্তভোগী মহসিন মিয়া বলেন, "আমার পূর্ব পুরুষ থেকে পরিবার প্রায় ১০০ বছর ধরে এখানে বসবাস করছি। প্রতিবেশী জিয়া উদ্দিন মাঝে মধ্যে আমাদের হুমকি দিচ্ছে এবং আমার বাড়ি দখল করতে চায়।" তার স্ত্রী অভিযোগ করেন, "সন্ত্রাসী বাহিনী রাতের আধারে আমাদের ঘরের চারপাশে বেড়া দিয়ে আমাদের বন্দি করে রেখেছে।"
শ্রমিকদল নেতা আমানুল ইসলাম জানান, তারা আদালতে একটি মামলা দায়ের করেছেন এবং আদালত ১৩ই আগস্ট ১৪৫ ধারা জারি করলেও ২৫ তারিখে দখলের চেষ্টা করা হয়। তিনি বলেন, "আমাদের দলিল থাকা সত্ত্বেও তারা জোরপূর্বক এই ঘটনা ঘটিয়েছে।"
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মামলার তদন্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাকিব হাসান খান জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধির নাম 



















