বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি অভিযোগ করেছেন, তার বাবার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানিয়ে তিনি কেঁদে ফেলেন।
গত শনিবার মধ্যরাতে চুরির অপবাদ দিয়ে তুবার বাবা অনিক সরদারকে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে বেঁধে রেখে চা ও রুটি খাওয়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে।
তুবা জানায়, ভোররাতে একটি ছেলে বাবাকে আটকে মারধর করার খবর বাড়িতে দেয়। তখন সে, তার মা ও ছোট বোন ঘটনাস্থলে যায়। তুবা বলেন, 'আমি গিয়ে দেখি বাবাকে বেঁধে রেখে মারছে সবাই, লাঠি দিয়া বাড়ি দিচ্ছে, লাত্থি দিচ্ছে।' পরে বাবাকে ছাড়ানোর জন্য সে চেষ্টা করে।
অনিক সরদারের অভিযোগ, জমি ও পূর্বশত্রুতার বিরোধের কারণে তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, 'আমার কাছ থেকে চুরির কোনো মালামাল উদ্ধার হয়নি, তেমনি কোনো প্রমাণও দেখাতে পারেনি।'
উপজেলা প্রশাসন জানিয়েছে, অনিক অসুস্থ থাকায় তার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সোমবার তাকে তিন মাসের জন্য একটি মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। এ সময় পরিবারটির ভরণপোষণ ও প্রয়োজনীয় সহযোগিতায় প্রশাসন পাশে থাকবে।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, 'অনিকের ঘটনায় মানুষ কোনো কিছুই ভাবেনি, শুধু বাবার প্রতি মেয়ের ভালোবাসার বিষয়টি দেখেছে।'
প্রতিনিধির নাম 

























