পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহাদেব চন্দ্র রায়কে হোয়াটসঅ্যাপে পরীক্ষার প্রশ্ন দেওয়ার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রামে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) পদে বদলি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহাদেব চন্দ্র রায়কে জনস্বার্থে বদলি করা হয়েছে এবং তাকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে বিমুক্ত হতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ন থেকে তাৎক্ষণিকভাবে বিমুক্ত বলে গণ্য হবেন।
গত ১ জুলাই মহাদেব চন্দ্র রায়ের বিরুদ্ধে অর্ধবার্ষিক পরীক্ষার আগে দশম শ্রেণির ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের একটি অংশ তার কাছে প্রাইভেট পড়া শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপে পাঠানোর অভিযোগ ওঠে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এছাড়া, মহাদেব চন্দ্র রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে ও বিশেষ কোচিং ক্লাসে বাধ্য করার অভিযোগও ছিল, যা জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্রতিনিধির নাম 
























