ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য এনে দুই নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরাইল ও নাসিরনগর উপজেলার মাঝামাঝি স্থানে তিতাস নদীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তদের মধ্যে শান্ত বিশ্বাস (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সরাইল উপজেলার বুড্ডা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহবাজপুর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার জন্য কুমিল্লার চান্দিনা উপজেলার এক তরুণের (১৯) সঙ্গে যোগাযোগ করেন রাকিব মিয়া (২২) নামের এক যুবক। তিন শিল্পীর সঙ্গে ৯ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন রাকিব।
পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে চান্দিনার ওই তরুণ এক কিশোরী (১৬) ও এক তরুণীকে (১৯) নিয়ে সরাইল বিশ্ব রোড মোড় এলাকায় পৌঁছান। পরে রাকিব মিয়াসহ দুই যুবক তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুর সেতু এলাকায় নিয়ে যান।
সেখান থেকে রাকিবসহ আরও পাঁচজন তাদের একটি নৌকায় করে নিয়ে যেতে থাকেন। কিছু সময় চলার পর দুজনকে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীদের পক্ষে কুমিল্লার চান্দিনা এলাকার এক নারী শুক্রবার দুপুরে সরাইল থানায় এ বিষয়ে মামলা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, ভুক্তভোগী নারীর মামলার পর রাতেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রতিনিধির নাম 
























