সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবিতে শুক্রবার দেশের সব বিভাগীয় শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)।
রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
তিনি সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইনকে শরিয়তবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান। মুফতি ফয়জুল করীম বলেন, পবিত্র কোরআনের বিধানের পরিপন্থি আইন পাস করা হয়েছে, যা জনগণের ধর্মীয় বিশ্বাসের ওপর স্পষ্ট আঘাত।
তিনি আরও বলেন, হেবার অপব্যবহার রোধ বা বাবা-মা’কে উচ্ছেদ ঠেকাতে আইন করার প্রয়োজন হলেও শরিয়ত লঙ্ঘন করে তা করা যাবে না। সংবাদ সম্মেলনের শেষে তিনি আইনটিতে প্রয়োজনীয় সংশোধনী আনার দাবি জানান।
গত রোববার সম্পত্তি দান করার পর দাতা নিজে জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করার বিধান রেখে সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে পাসের জন্য উত্থাপন করেন।
প্রতিনিধির নাম 
























