বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, দলের রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই যথেষ্ট নয়, প্রত্যেক ব্যক্তিরও বিজয় নিশ্চিত করতে হবে। তিনি শুক্রবার (১১ সেপ্টেম্বর) খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আজহার বলেন, রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি প্রত্যেককে নিজের আমল ও আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে মানুষ দুনিয়াবি সম্পদ অর্জনের প্রতিযোগিতায় ব্যস্ত, কিন্তু ইসলামে দুনিয়ার সম্পদ অর্জন নিষিদ্ধ নয়। তবে, সম্পদ অর্জনের জন্য সঠিক পথ বেছে নিতে হবে।
তিনি আরও বলেন, দলের বিজয় মানেই ব্যক্তির বিজয় নয়। অন্যায়ভাবে ভোট চুরি বা অনৈতিক পদ্ধতিতে ক্ষমতায় আসা ব্যক্তির মুক্তি হবে না। উদাহরণ হিসেবে তিনি বলেন, একজন চোর ধনী ব্যক্তির কাছ থেকে টাকা চুরি করে গরিবদের মধ্যে বিলিয়ে দিলেও তার চুরি বৈধ হয় না।
আজহার বলেন, জামায়াতে যুক্ত হওয়ার উদ্দেশ্য শুধু ক্ষমতায় যাওয়া নয়, বরং মানুষের কল্যাণ করা। প্রত্যেক কর্মীকে নিজের আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে, কারণ আল্লাহর কাছে প্রত্যেক ব্যক্তিকে তার কাজের হিসাব দিতে হবে।
প্রতিনিধির নাম 

























