পদ্মা ব্যারেজের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, ‘আমাদের পদ্মা ব্যারেজ হচ্ছে, কিন্তু আরেকটি জিনিস হতে হবে, পদ্মা সেতু। প্রধানমন্ত্রী ইতোমধ্যে পদ্মা সেতু করার সিদ্ধান্ত নিয়েছেন।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কে. রাজ উচ্চবিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, ‘আমাদের নেতা তারেক রহমান এই ব্যারেজ করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস ও দৃঢ়তার সঙ্গে এই ব্যারেজ করার সিদ্ধান্ত নিয়েছেন। পানিসম্পদমন্ত্রীর সঙ্গে আমরা এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছি।’
তিনি বলেন, ‘বাংলাদেশের তিন ভাগের এক ভাগ ফারাক্কার কারণে শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পদ্মা ব্যারেজের স্বপ্ন দেখেছিলেন এবং এ বিষয়ে উদ্যোগ নিয়েছিলেন।’
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রতিনিধির নাম 

























