সিঙ্গাপুরের এক ব্যবসায়ী প্রেমিকার পেছনে প্রায় ৪ কোটি ৫৬ লাখ টাকা খরচ করেছেন। তিনি দামি উপহার, বিদেশ ভ্রমণ, ফেংশুই বিশেষজ্ঞের পারিশ্রমিক ও জীবনবিমার প্রিমিয়ামসহ বিভিন্ন খাতে ৪ লাখ ৬৮ হাজার সিঙ্গাপুর ডলার ব্যয় করেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৪ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৫৯৭ টাকা।
সম্পর্ক ভেঙে যাওয়ার পর ওই ব্যবসায়ী আদালতের দ্বারস্থ হয়ে সেই অর্থ ফেরত চাওয়ার চেষ্টা করেন। তবে সিঙ্গাপুরের হাইকোর্টের রায়ে বলা হয়েছে, তিনি স্বেচ্ছায় ওই অর্থ খরচ করেছিলেন এবং এগুলোকে ঋণ হিসেবে দেখানোর মতো যথেষ্ট প্রমাণ তিনি দিতে পারেননি।
মামলার বাদী চন্দর আগরওয়াল, যিনি একটি লজিস্টিকস প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, ২০১৯ সালে সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট ফেলিসিয়া লির সঙ্গে পরিচিত হন। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
আগরওয়াল আদালতে দাবি করেন, লি বিভিন্ন সময় সুদমুক্ত ঋণ চেয়েছিলেন। তবে লি আদালতে বলেন, এসব অর্থ তিনি ঋণ হিসেবে নেননি, বরং এগুলো ছিল সম্পর্কের কারণে দেওয়া উপহার।
সিঙ্গাপুরের হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারক লি সিউ কিন আগরওয়ালের দাবি নাকচ করে দেন। বিচারক বলেন, আগরওয়াল লির প্রতি আকৃষ্ট হয়ে দামি উপহার দিয়েছেন এবং সম্পর্কের সময় তিনি এসব উপহার ফেরত চাননি বলে আশ্বস্ত করেছিলেন।
বিচারকের পর্যবেক্ষণ অনুযায়ী, আগরওয়াল আর্থিকভাবে স্বচ্ছল ছিলেন এবং লি তার মতো আর্থিক সামর্থ্যের অবস্থানে ছিলেন না। আদালত আরও উল্লেখ করেন, লি আগরওয়ালের উপহারের প্রস্তাবে বিস্ময় প্রকাশ করেছিলেন এবং কখনো কখনো এসব উপহার নিতে অনীহাও দেখিয়েছিলেন।
প্রতিনিধির নাম 






















