মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানরা জয়ী হলে দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে। তিনি এই অর্থকে ‘ট্রাম্প ডিভিডেন্ড’ হিসেবে উল্লেখ করেন।
ডালাসে রিপাবলিকানদের এক সমাবেশে ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘রিপাবলিকানরা জিতলে আপনারাও আমাদের সাথে জিতবেন এবং পাঁচ হাজার ডলার পাবেন।’ তবে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তত এক ট্রিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে, কিন্তু অর্থের উৎস সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ট্রাম্প সমর্থকদের কাছে নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এমনভাবে ভাবুন যেন আমি নিজেই নির্বাচনে প্রার্থী হয়েছি।’
সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তা ৩০ শতাংশের নিচে রয়েছে, যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ইরানের বিরুদ্ধে তার যুদ্ধের কারণে ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পক্ষেও সাফাই দেন এবং দাবি করেন, ‘ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি—হয়তো দুই বা তিন সপ্তাহের দূরত্বে—পৌঁছে গিয়েছিল। এ কারণেই সংঘাতে জড়ানো প্রয়োজন হয়েছে।’
তিনি আরো বলেন, যুদ্ধ শেষ হলে তেলের দাম কমবে এবং খাদ্যসহ বিভিন্ন পণ্যের দামও দ্রুত কমবে। ট্রাম্প মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর আরোপ করা শুল্কের পক্ষেও অবস্থান পুনর্ব্যক্ত করেন, যদিও তিনি স্বীকার করেন যে এটি অর্থনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে।
প্রতিনিধির নাম 

























