অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এককালীন কল্যাণ সুবিধায় বছরে ৩২৪ কোটি টাকার ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া প্রশ্ন করেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে এককালীন অবসর ভাতার পূর্ণ অর্থ পাচ্ছেন না, তাদের জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার অর্থ দ্রুত দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, ১৯৯০ সালের ২৮ নম্বর আইন অনুযায়ী পরিচালিত কল্যাণ ট্রাস্টের কার্যক্রমে দেশের প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর মূল বেতন থেকে মাসিক শতাংশ হারে চাঁদা আদায় করা হয়।
ড. মিলন আরও জানান, গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ৪২ হাজার ৯৩৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে মোট ৪১৩ কোটি ৩৬ লাখ ৫৭ হাজার ৭৬ টাকা পরিশোধ করা হয়েছে। বর্তমানে প্রায় ১৩ হাজার আবেদনকারীকে অর্থ পরিশোধের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি উল্লেখ করেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধা দিতে প্রতি মাসে প্রায় ৮৪ কোটি টাকার প্রয়োজন হয়, যেখানে কল্যাণ ট্রাস্টের আয় মাত্র ৫৭ কোটি টাকা। ফলে মাসিক ঘাটতি প্রায় ২৭ কোটি টাকা এবং বার্ষিক ঘাটতি ৩২৪ কোটি টাকা। সরকারের আন্তরিক প্রচেষ্টায় অবশিষ্ট অর্থ দ্রুত পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিনিধির নাম 























