মাদ্রাসার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন থেকে রক্ষা করতে এবং শিক্ষকদের চাপ কমাতে ‘মাথা গরম ছুটি’ প্রস্তাব দিয়েছেন বগুড়ার মাদ্রাসাতুল মদিনার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন। তিনি এই বিশেষ ছুটির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মুফতি মনোয়ার এই পরামর্শ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, শিক্ষকদের মেজাজ খিটখিটে বা উত্তেজিত থাকা অবস্থায় ক্লাসে পাঠদান থেকে বিরত রাখতে এই ছুটির প্রয়োজনীয়তা রয়েছে।
ফেসবুক পোস্টে তিনি অন্য এক মাদ্রাসার মুহতামিমের উদাহরণ দেন, যিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন যে, ‘মাথা গরম ছুটি’ নামক বিশেষ একটি ছুটি থাকবে। শিক্ষকদের যে কোনো সময় মাথা গরম হলে তারা জানালে সঙ্গে সঙ্গে বাড়ি যাওয়ার ছুটি দেওয়া হবে।
মুফতি মনোয়ার হোসেন শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে ওই মুহতামিমের হুঁশিয়ারি উল্লেখ করেন। তিনি বলেন, ‘যদি কখনো আমার প্রতিষ্ঠানের কোনো ছাত্রের শরীরে ব্যাড টাচ করেন তবে আপনার হাত-পা কেটে নেব।’
তিনি দেশের সব মাদ্রাসার মুহতামিমদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘শিক্ষকদের জন্য ‘মাথা গরম ছুটি’ রাখবেন। প্রয়োজনে যাতায়াত ভাড়া দেবেন, আল্লাহ তা’আলা বরকত দেবেন।’
প্রতিনিধির নাম 
























