চুয়াডাঙ্গার জীবননগরে একটি বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার উথলী বাজারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রবিউল ইসলাম উথলী গ্রামের বাজার পাড়ার সালাম মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উথলী বাজারপাড়ায় বসবাস করতেন। স্থানীয় ব্যবসায়ীরা সোমবার রাতে তীব্র দুর্গন্ধ পেয়ে ৯৯৯-এ কল করেন, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন, তবে সম্প্রতি তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার স্ত্রী, সন্তান ও মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একাকী অবস্থায় তিনি আত্মহত্যা করেছেন।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের বেশিরভাগ অংশ পচে-গলে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা নিশ্চিত নয়, তবে ধারণা করছি সপ্তাহখানেক আগে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
প্রতিনিধির নাম 
























