বলিউডের জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী নোরা ফাতেহি চার্টার্ড বিমানকে ‘খেলনা’ বলে মন্তব্য করার কারণে আইনি সমস্যায় পড়েছেন। আহমেদাবাদের গান্ধীনগর আদালতে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ‘ডুন্স অ্যাভিয়েশন’ তার বিরুদ্ধে ৩ কোটি টাকার সিভিল মানহানির মামলা দায়ের করেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের অনুযায়ী, এই ঘটনা ঘটেছিল গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে নোরা ফাতেহি একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে উঠার সময় কিছু ভিডিও ধারণ করেন এবং পরে তা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন।
ভিডিওতে নোরা বিমানটিকে খেলনা বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন। বিমান সংস্থাটির দাবি, তার এই মন্তব্যের কারণে তাদের বাণিজ্যিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায়িক ক্ষতি হয়েছে।
ডুন্স অ্যাভিয়েশন জানায়, বিমানটি তার শ্রেণির একটি মানসম্মত উড়োজাহাজ। এ কারণে তারা এপ্রিলে গান্ধীনগরের আদালতে মামলাটি দায়ের করে, যার শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
নোরা ফাতেহি ‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’ গানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি তিনি ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের অশালীন কথার জন্যও সমালোচিত হয়েছেন। তবে তিনি পরে ভাষা বুঝতে না পারার ব্যাখ্যা দিয়ে বিতর্ক মেটানোর চেষ্টা করেছেন।
প্রতিনিধির নাম 

























