ভারতের রাজধানী দিল্লিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় চোংথাম বিক্রম সিং (৫৪) নামে এক মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক নিহত হয়েছেন। রোববার গভীর রাতে দক্ষিণ-পূর্ব দিল্লির কিলোকারি এলাকায় নিজ ভাড়া বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় সাতজন প্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। একই ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরকেও আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বিক্রম সিং মণিপুরের পরিচিত গিটারিস্ট এবং পশ্চিমা সংগীতচর্চার অন্যতম অগ্রদূত ছিলেন। তিনি প্রায় ১৭ বছর ধরে দিল্লিতে বসবাস করছিলেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংগীত শিক্ষক হিসেবে কাজ করতেন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে ময়লা ফেলতে বাসার নিচে নামেন বিক্রম। এ সময় পাশের দুটি ধাবার ৮-৯ জন কর্মচারী উচ্চ শব্দে চিৎকার ও হৈচৈ করছিলেন। বিক্রম তাদের এমন আচরণ করতে নিষেধ করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হামলাকারীরা বিক্রমকে ধাওয়া করেন এবং ভবনের করিডোরে তাকে ঘিরে ধরে মারধর করেন।
গুরুতর আহত অবস্থায় বিক্রমকে পরিবারের সদস্যরা দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে পুলিশ।
বিক্রম সিংকে হত্যার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় কিলোকারি এলাকায় মোমবাতি মিছিল করেন উত্তর-পূর্ব ভারতের শতাধিক মানুষ। তারা দ্রুত বিচার ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
প্রতিনিধির নাম 
























