পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর নেতৃত্বের মাধ্যমে নতুন ও আধুনিক বাংলাদেশের চিন্তা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন।
আজ মঙ্গলবার বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জিয়া স্মৃতি বই মেলা-২০২৬’-এর ৬ষ্ঠ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, বিএনপি এখন যে পর্যায়ে উপনীত হয়েছে, এর নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। তিনি ছাত্রদল গঠন করতে গিয়ে উদারতার প্রমাণ দিয়েছেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতার সময় জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে এবং তিনি মুক্তিযুদ্ধের নেতা ছিলেন। স্বাধীনতার পর দুর্নীতি ও দুঃশাসনের পর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিপ্লবের মাধ্যমে মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করে।
এ সময় তিনি রাজনীতিতে অশালীন ভাষা ব্যবহার না করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিরোধীদলকে নিয়ে মন্তব্য করেন যে, ফ্যাসিবাদ এত সাহস পায়নি যে সাহস আজকে তারা দেখাচ্ছে।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলাম বুলবুল।
প্রতিনিধির নাম 






















