হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের মধ্যে তাৎক্ষণিক চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো- রফিক মিয়ার ছেলে রাহিম বাদশা, আবু ছালেক মিয়ার ছেলে মো. আব্দুল মান্নান মিয়া, ছাদেক মিয়ার ছেলে মোজাক্কির মিয়া এবং রফিক মিয়ার অপর ছেলে আজিনুর মিয়া। তারা সবাই বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ক্লাস চলাকালীন চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষে মেঝেতে হঠাৎ বড় ধরনের ফাটল দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই কক্ষের মেঝের একাংশ নিচের দিকে ধসে পড়ে, যার ফলে পাঁচজন শিক্ষার্থী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হয়।
পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবুতর নেছা বলেন, ‘দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ করে কক্ষের মেঝে ধসে যায়। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটির পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সরেজমিনে পরিদর্শন করেছি। মূলত মেঝের একপাশের বালি ও মাটি সরে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিদ্যালয়ের ভবনটি নতুন ছিল।’
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনার পরপরই আহত শিক্ষার্থীদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এলজিইডি প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে পাঠানো হয়েছে। তাদের পরিদর্শন প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জেনে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রতিনিধির নাম 
























