ইথিওপিয়ার উত্তরাঞ্চলের টাইগ্রে অঞ্চলের আলামাতা শহর ও আশপাশে তিন দিনের সংঘর্ষে অন্তত ৫২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। হাসপাতাল সূত্রের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।
সরকারি বাহিনী আলামাতা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা এখন টাইগ্রের প্রধান শহর মেকেলের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে আলামাতার রাস্তায় সেনাবাহিনীর ট্যাংক দেখা গেছে। টাইগ্রে অঞ্চল নিয়ন্ত্রণকারী দল ও কেন্দ্রীয় সরকারের মধ্যে কয়েক মাস ধরে উত্তেজনা চলছিল, যা গত সপ্তাহে সংঘর্ষে রূপ নেয়।
২০২২ সালে দুই বছরের গৃহযুদ্ধ শেষ করার যে চুক্তি হয়েছিল, সেটি ভাঙার জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করছে। সংঘর্ষের প্রভাব আশপাশের এলাকাতেও পড়েছে। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্থান লালিবেলায় গত এক সপ্তাহ ধরে ৩৩ জন পর্যটক আটকে আছেন।
লালিবেলায় থাকা এক ব্রিটিশ পর্যটক বিবিসিকে জানান, তারা পুরো সপ্তাহজুড়ে লড়াই ও গুলির শব্দ শুনেছেন। শহরে সেনাবাহিনীর বড় উপস্থিতি রয়েছে। গত বুধবার বিমানবন্দরটি বন্ধ হয়ে যাওয়ার পর বেশিরভাগ পর্যটক শহরটি ছাড়তে পারেননি। তবে সোমবার সামরিক হেলিকপ্টারে করে ১৪ জন ইসরায়েলি পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডসাঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) জানিয়েছে, গত কয়েক দিনে টাইগ্রেতে তাদের সহায়তা পাওয়া হাসপাতালগুলোতে ৭০০ জনের বেশি আহত মানুষ ভর্তি হয়েছেন। শহরের বাজারে একটি হামলায় একসঙ্গে ১২ জন নিহত হয়েছেন। টাইগ্রেতে ব্যাংকিং সেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইন্টারনেট সংযোগও বন্ধ রয়েছে।
প্রতিনিধির নাম 
























