রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনে চারজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) ইউক্রেনীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কামিয়াসকে শহরে একটি শিল্পপ্রতিষ্ঠানে রাশিয়ার হামলায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। অঞ্চলটির গভর্নর ওলেক্সান্ডার হানঝা টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, কিয়েভ অঞ্চলের বরিসপিল শহরে রুশ হামলায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর তিমুর তকাচেঙ্কো। তিনি জানান, হামলায় একটি নয়তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়ার ছোড়া ১২৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য ধাতব পণ্যের দুটি বড় সরবরাহকারী প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মাইকোলাইভ, ওদেসা ও কিয়েভ অঞ্চলেও হামলা চালানো হয়েছে, যেখানে ইউক্রেনের সরবরাহ ও পরিবহন কেন্দ্র, একটি শুকনো পণ্যবাহী জাহাজ এবং দুটি জ্বালানি সংরক্ষণ ও বিতরণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়।
প্রতিনিধির নাম 
























