চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে ভূমিধসে অন্তত একজন নিহত এবং আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে জিয়ান শহরের একটি গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে, জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
প্রবল বৃষ্টির পর টাইফুন সাউডেলের প্রভাবে ওই এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। চীনের বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দপ্তরের বরাত দিয়ে সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে একজনকে বের করে আনলেও তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে।
নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে ভূমিধস বা অন্যান্য দুর্যোগ ঠেকাতে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে।
প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে এলাকাটিতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
প্রতিনিধির নাম 























