বিশ্বখ্যাত ফ্যান্টাসি উপন্যাস সিরিজ ‘হ্যারি পটার’ এর নতুন টিভি সিরিজের ট্রেলার প্রকাশিত হয়েছে। গত মার্চে সিরিজটির প্রথম ঝলক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছিল। এবার সেই বিতর্কের অবসান ঘটিয়ে ভক্তদের মন জয় করছে নতুন সিরিজের চরিত্রগুলো।
অনেকে মনে করেছিলেন, জাদুর সেই পুরোনো আবেশ হারিয়ে গেছে। তবে ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে আবেগের পরিবর্তন এসেছে। হগওয়ার্টস স্কুলের পরিচিত পরিবেশ এবং নতুন তিন অভিনয়শিল্পী হ্যারি পটার, রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে দর্শকদের আবেগে ভাসিয়েছে।
মার্চ মাসে সিরিজটির ‘লুক’ ও প্রথম ঝলক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। কিছু দর্শক শৈশবের প্রিয় জাদুর দুনিয়ায় ফেরার আনন্দ প্রকাশ করেছেন, আবার কেউ পুরোনো চরিত্রগুলোর অভাব অনুভব করেছেন।
তবে ট্রেলার প্রকাশের পর নতুন চরিত্রগুলোর প্রতি দর্শকদের আস্থা বেড়েছে। বিশেষ করে নতুন ‘হারমায়োনি’ চরিত্রটি সবার নজর কেড়েছে। অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে যেন আবার বাড়ি ফিরলাম।’
জে কে রাউলিংয়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এই টিভি সিরিজটি ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাবে। এতে মূল বইগুলোর প্রতিটি অধ্যায় বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা হবে, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
প্রতিনিধির নাম 
























