চিত্রনায়িকা ফারহানা আমিন রত্না নূতন সম্প্রতি ‘গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৬’-এর আয়োজনে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পেয়েছেন। পুরস্কার গ্রহণের পর তিনি শিল্পীদের ব্যক্তিগত জীবন ও ধর্মীয় চর্চা নিয়ে মন্তব্য করার প্রবণতা নিয়ে কথা বলেন।
নূতন বলেন, “অনেকেই শিল্পীদের ধর্মকর্ম নিয়ে প্রশ্ন তোলেন। আমি তাদের উদ্দেশে বলতে চাই, শিল্পীরাও মানুষ, তারা আল্লাহকে ভয় পায়। অনেক শিল্পী নিয়মিত নামাজ পড়েন, কিন্তু এই বিষয়টি প্রকাশ্যে বলার কিছু নেই।” তিনি গোপন ইবাদতের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “শিল্পীদের সব বিষয় নিয়ে না জেনে মন্তব্য করা ঠিক না।”
সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীদের নিয়ে করা মন্তব্যের প্রসঙ্গে নূতন বলেন, “আমার বিচার আল্লাহ করবেন। আমি যদি নামাজ না পড়ি বা গুনাহ করে থাকি তবে সেই বিচার তিনিই করবেন। আপনারা যারা বাজে কমেন্ট করে গুনাহ করছেন, তারা কই যাবেন?”
দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা শেয়ার করে নূতন জানান, চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করতে তাকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। পরিবার, ব্যক্তিজীবন ও পেশাগত দায়িত্ব সামলানোর চ্যালেঞ্জও ছিল। তবে এসব কিছুই তাকে অভিনয় থেকে দূরে সরাতে পারেনি।
নূতন জানান, অভিনয় তার কাছে শুধু পেশা নয়, বরং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্রের সঙ্গেই থাকতে চান এবং অভিনয় করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
প্রতিনিধির নাম 

























