উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনী জানায়, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুটি মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের আহমদ আল-জাবের বিমানঘাঁটিতে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সরঞ্জাম সংরক্ষণাগার ও যুদ্ধবিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়। ইউএইর আল মিনহাদ বিমানঘাঁটিতেও মার্কিন সেনাদের অবস্থান ও রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলার সময় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। এর আগে বাহরাইন ও জর্ডানও ইরানের কয়েকটি বিমান হামলা প্রতিহত করার দাবি করেছে।
রোববার হরমুজ প্রণালির একটি দ্বীপে ইরানের রকেট উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। ওয়াশিংটনের দাবি, ওই রকেট দিয়ে ইরান হরমুজ প্রণালিতে মাইন পেতে দেওয়ার পরিকল্পনা করছিল।
এদিকে, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, অর্থনৈতিক চাপ তেহরানকে আরও ‘চরম পদক্ষেপ’ নিতে প্ররোচিত করতে পারে। সংঘাতের প্রভাব পড়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির জাহাজ চলাচলেও, যেখানে যুদ্ধ শুরুর আগের তুলনায় তেল পরিবহন এখনো অনেক কম রয়েছে।
প্রতিনিধির নাম 
























