নরসিংদীর মাধবদীতে এইচএসসি (আলিম) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ছাত্রদের ব্যবহার করার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক মো. নাসির উদ্দিনকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা-সংক্রান্ত কর্মকাণ্ডে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মো. নাসির উদ্দিন গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, শিক্ষক মো. নাসির উদ্দিন নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে ছাত্রদের দিয়ে মূল্যায়ন করাচ্ছেন। বিষয়টি শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে আসার পর তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল খায়ের মাধবদী থানায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর অধীনে মামলা করেন।
ওসি মো. কামাল হোসেন জানান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার ভিডিও তাদের কাছে রয়েছে। তারা বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রতিনিধির নাম 



















