ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ ছাড়া সহকারী শিক্ষকের ৯৭টি পদও ফাঁকা রয়েছে, যা বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা সৃষ্টি করছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলায় মোট ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সহকারী শিক্ষকরা, যা তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সহকারী শিক্ষক জানান, প্রধান শিক্ষক না থাকায় অনেক বিদ্যালয়ে প্রশাসনিক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নির্দেশনা মানতে অনীহা দেখানোর ফলে শ্রেণিকক্ষে পাঠদানেও সমস্যা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানিয়েছেন, শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং ইতোমধ্যে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, শূন্য পদগুলো অচিরেই পূরণ হবে।
অভিভাবকরা শিক্ষক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, এ পরিস্থিতির কারণে অনেকেই সন্তানদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাতে বাধ্য হচ্ছেন।
প্রতিনিধির নাম 


















