শ্রীলঙ্কার অলরাউন্ডার চামারি আতাপাত্তু বুধবার (২ সেপ্টেম্বর) দুবাইতে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ মাত্র ৫ রান খরচায় ৭ উইকেট শিকার করেছেন। এই কীর্তির মাধ্যমে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার প্রথম নারী বোলার হিসেবে ইতিহাসে নাম লেখালেন।
৩৬ বছর বয়সী আতাপাত্তুর এই বোলিং ফিগার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল থাইল্যান্ডের অফ স্পিনার ওংপাকা লিংপ্রাসার্টের, যিনি ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন।
আতাপাত্তুর এই অসাধারণ পারফরম্যান্সের ফলে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়াকে ৭৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে, জবাবে ইন্দোনেশিয়া ৪৯ রানে গুটিয়ে যায়।
শ্রীলঙ্কা টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়লেও নীলক্ষ্মী সিলভা ৩৫ বলে ৫০ রান করে দলের জন্য লড়াইয়ের পুঁজি তৈরি করেন। এরপর আতাপাত্তুর বোলিংয়ে ইন্দোনেশিয়া ১৯তম ওভারে ৪৯ রানে অলআউট হয়ে যায়।
আগামী রোববার শ্রীলঙ্কা নিজেদের পরবর্তী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে।
প্রতিনিধির নাম 





















