কুড়িগ্রামে ‘ভিশন এন্টারপ্রাইজ’ নামে ব্যবসার কথা বলে ১৫০ জামায়াত সদস্যের কাছ থেকে নেওয়া ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দলটির চার নেতার বিরুদ্ধে। এ অভিযোগে টাকা ফেরত ও অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
গতকাল বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী মজলুম পরিবারের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী সদস্য ও তাদের স্বজনরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন মো. তৈয়ব আলী, নোমান বিল্লাহ, মাহফুজুল ইসলাম, জাহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন, রুহুল আমীন ও মোসলেমা বেগমসহ অনেকে।
ভুক্তভোগীদের অভিযোগ, ২০২০ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, জামায়াতের রোকন আব্দুস সালাম সুজা এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবিরের বায়তুল মাল সদস্য রফিকুল ইসলাম ‘ভিশন এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। তারা দাবি করেন, ওই প্রতিষ্ঠানে বিনিয়োগের কথা বলে কুড়িগ্রামের প্রায় ১৫০ জন জামায়াত সদস্যের কাছ থেকে ১২ কোটি টাকা নেওয়া হয়।
ভুক্তভোগীরা জানান, অভিযুক্তরা ২০২৪ সালের ১৬ নভেম্বর আত্মগোপনে চলে যান এবং বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তারা দীর্ঘদিন ধরে টাকা ফেরত পেতে চেষ্টা করেও কোনো প্রতিকার পাননি। এ কারণে অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে।
মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলেও প্রশাসন তাদের গ্রেপ্তারে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘ভিশন এন্টারপ্রাইজ’ রফিকুল ইসলামের ব্যক্তিগত ব্যবসা এবং তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
প্রতিনিধির নাম 





















