আগামী শুক্রবার মেয়ের বিয়ের প্রস্তুতি নিতে গিয়ে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লোকমান হোসেন (৫০)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী একটি গাড়ির ধাক্কায় তিনি নিহত হন। একই ঘটনায় ওই গাড়িতে থাকা মাছ ব্যবসায়ী দিরুও মারা যান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, লোকমান হোসেন ভোরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মাছবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির চালকের পাশের সিটে থাকা মাছ ব্যবসায়ী দিরু গাড়ির ভেতরে আটকা পড়ে যান। স্থানীয়রা গুরুতর আহত লোকমান হোসেন ও দিরুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক লোকমান হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিরু।
লোকমান হোসেনের পরিবার সূত্রে জানা যায়, তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ের প্রস্তুতি নিয়ে বাড়িতে আনন্দের পরিবেশ ছিল। কিন্তু এই দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধির নাম 



















