গাজীপুরে টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যানের ভেতর থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া অপরাধী ‘পিচ্চি রাজা’র ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মজুমদার দণ্ডবিধির ২২৪ ধারায় মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার আদালত থেকে হাজিরা শেষে প্রায় ৩০ জন কারাবন্দিকে নিয়ে একটি প্রিজন ভ্যান কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় পৌঁছালে ‘পিচ্চি রাজা’ টয়লেটে যাওয়ার কথা বলে চিৎকার শুরু করে। পুলিশ সদস্যরা পরিস্থিতি বিবেচনায় গাড়ি থামিয়ে তাকে নামিয়ে মহাসড়ক সংলগ্ন একটি শৌচাগারের দিকে নিয়ে যান। এ সময় তিনি কৌশলে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যান।
পলাতক আসামি ‘পিচ্চি রাজা’ ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, অবৈধ অস্ত্র ব্যবহার, সরকারি কাজে বাধা এবং মাদক সংক্রান্ত একাধিক অপরাধে প্রায় ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।
এদিকে আসামি পলায়নের ঘটনায় প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
প্রতিনিধির নাম 



















