সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের আইন ও নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের আইন বা শৃঙ্খলার পরিপন্থি কোনো পোস্ট বা ভিডিও ফেসবুক, ইউটিউব কিংবা এক্সে প্রকাশ করা যাবে না। একই সঙ্গে, এই ধরনের পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে।
কনস্যুলেট প্রবাসীদেরকে কাগজপত্র ভালোভাবে না পড়ে সই বা আঙুলের ছাপ না দেওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে সাদা কাগজে সই না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
এছাড়া, নিজের ইকামা ব্যবহার করে অন্য কারও নামে সিম, গাড়ি বা অন্য কোনো জিনিস কেনা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এক জায়গার বা এক মালিকের ইকামা দিয়ে অন্য জায়গায় কাজ করা, রাস্তায় পড়ে থাকা জিনিস কুড়িয়ে বিক্রি করা এবং অনুমতি ছাড়া ব্যবসা করার মতো কর্মকাণ্ডকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
কনস্যুলেট জানিয়েছে, আইন মেনে চললে প্রবাসীদের জীবন নিরাপদ হবে এবং বিদেশের মাটিতে দেশের নামও উজ্জ্বল হবে।
প্রতিনিধির নাম 



















