ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের লাইন-১ ও লাইন-৫-এর বিভিন্ন অবকাঠামো নির্মাণে প্রায় ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত ৮টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে লাইন-১-এর প্যাকেজ সিপি-২, সিপি-৬, সিপি-৯ ও সিপি-১০ এবং লাইন-৫-এর সিপি-৩ প্যাকেজের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব উপস্থাপন করা হয়।
লাইন-১-এর প্যাকেজ সিপি-২-এর আওতায় ডিপোর বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে, যার জন্য ব্যয় হবে ৪ হাজার ২৮৫ কোটি ৬ লাখ ৯৩ হাজার ৫৫৮ টাকা। এ প্যাকেজের জন্য দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে।
লাইন-৫-এর প্যাকেজ সিপি-৩-এর আওতায় মোট ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়ালপথ নির্মাণ করা হবে, যার জন্য ব্যয় হবে ২ হাজার ৬৭০ কোটি ৯৮ লাখ ৯৭ হাজার ৮৬০ টাকা। প্রাক-যোগ্যতা উত্তীর্ণ চারটি প্রতিষ্ঠানের মধ্যে দরপত্র আহ্বান করা হয়।
লাইন-১-এর সিপি-৬ প্যাকেজের আওতায় ৫ দশমিক ১৮২ কিলোমিটার ভূগর্ভস্থ পথ নির্মাণ করা হবে, যার জন্য ব্যয় হবে ১১ হাজার ৫৯০ কোটি ৫৮ লাখ ৭ হাজার ২৯৯ টাকা। এ প্যাকেজের জন্য দরপত্র আহ্বান করা হলে দুটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে।
জানা গেছে, উভয় প্রকল্পের মেয়াদ ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০৩৩ সাল পর্যন্ত। প্রকল্পগুলো বাস্তবায়ন করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা যৌথভাবে অর্থায়ন করছে।
প্রতিনিধির নাম 
























