ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় স্থাপিত দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এ সময় পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, এই সৌরবিদ্যুৎ প্রকল্পে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট বা শূন্য দশমিক ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। নেট মিটারিং ব্যবস্থায় উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের চাহিদা পূরণে ব্যবহার হবে এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলগাজী উপজেলায় আটটি সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপন করা হয়েছে, যার মোট উৎপাদন সক্ষমতা ২৪৯ কিলোওয়াট। ছাগলনাইয়া উপজেলায় ১২টি স্থাপনায় ৪১৫ কিলোওয়াট এবং পরশুরাম উপজেলায় ছয়টি স্থাপনায় ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি) দায়িত্ব দেওয়া হয়েছে, তবে মোট ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইন জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে ৫.৫ কোটি টাকা ব্যয় হতে পারে।
প্রতিনিধির নাম 
























