চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাচানি গ্রামের বৌ বাজার এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এবং উভয়পক্ষকে মালিকানা সংক্রান্ত কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলেছে।
ভুক্তভোগী ফয়েজ আহমেদ সালেকিন ও মেহেদী হাসান অভিযোগ করেছেন যে, মোহাম্মদ উল্লাহ জগলুর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি প্রায় ১৬ শতাংশ জমির মধ্যে ৫ দশমিক ৫ শতাংশ জমি দখলের চেষ্টা করছেন। গত ১০ সেপ্টেম্বর অভিযুক্তরা ওই জমিতে দোকান নির্মাণের চেষ্টা করেন।
সালেকিন ও মেহেদী দাবি করেছেন, জমিটি তাদের পরিবারের প্রায় ৩৫ বছরের অধিক সময়ের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি। তারা জানান, জমিটি দীর্ঘদিন খালি থাকায় সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনা করেন। তবে অভিযুক্তরা সেখানে নির্মাণকাজ শুরু করেন।
স্থানীয়রা জানিয়েছেন, জমির দখলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা করছেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন।
এ বিষয়ে মোহাম্মদ উল্লাহ জগলু, মো. মফিজুল হক বাবু, মো. শরীফ উল্লাহ সরকারের বক্তব্য পাওয়া যায়নি। তবে বালু ব্যবসায়ী মনসুর দাবি করেছেন, সালেকিন ও মেহেদী তাকে কোনো টাকা দেননি এবং জমিতে বালু ফেলার টাকা দিয়েছেন জগলু।
প্রতিনিধির নাম 
























