জরুরি মেরামত ও পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইল উপজেলায় টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, এদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সর্বস্তরের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ডিজিএম মো. শফিকুল হক জানান, বিশ্বরোড এলাকার পাঁচটি সিএনজি পাম্প এবং বিসিক শিল্প নগরীর জন্য পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই পৃথক লাইন স্থাপন সম্পন্ন হলে শিল্পকারখানা ও সিএনজি পাম্পগুলোতে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে এবং আবাসিক গ্রাহকদের বিদ্যমান গ্যাস-সংকটও কিছুটা লাঘব হবে।
দীর্ঘদিন ধরে চলা গ্যাস-সংকটের মধ্যে নতুন করে টানা ১৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, মাসের পর মাস ধরে নিম্নচাপ ও অনিয়মিত সরবরাহের কারণে দৈনন্দিন কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাঁরা প্রশ্ন তুলেছেন, গ্যাসসমৃদ্ধ জেলা হওয়া সত্ত্বেও কেন বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হবে। ভুক্তভোগীরা ব্রাহ্মণবাড়িয়ার জন্য কার্যকর দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
প্রতিনিধির নাম 





















