সিরাজগঞ্জের বেলকুচিতে একটি রাস্তা নির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তালুকদার মেটুয়ানী গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয়দের দাবি, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় রাস্তা নির্মাণের জন্য দুই লাখ টাকা বরাদ্দ ছিল। কিন্তু বাস্তবে রাস্তা নির্মাণের নামে বালু বা নতুন মাটি আনা হয়নি, বরং সড়কটির সামান্য মাটি ও আগাছা কেটে সমান করে কাজ করা হয়েছে। এতে মাত্র ১৩ হাজার টাকার মতো ব্যয় হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
জানা যায়, টি-আর প্রকল্পের আওতায় ওয়ার্ডের একটি মাটির রাস্তা নির্মাণের জন্য সরকার থেকে বাজেট বরাদ্দ হয়। কাজের দায়িত্বে ছিলেন স্থানীয় ইউপি সদস্য এরশাদ আলম। গ্রামবাসী কাজের গুণগতমান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন যে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার হয়নি।
স্থানীয় বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম বলেন, রাস্তার কাজের মান অত্যন্ত নিম্ন। রাস্তার শুরুতে আগের মাটি একটু টেনে সমান করা হয়েছে, নতুন বালু-মাটি কিছুই আনা হয়নি।
এদিকে, ইউপি সদস্য এরশাদ আলম জানান, কাজ শুরু করার পর বন্যা চলে আসায় কাজ শেষ হয়নি। তবে বাকি কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন। বেলকুচি উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি হাজী রইচ উদ্দিন সরদারও একই দাবি করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধির নাম 
























