গাজীপুরের টঙ্গী উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে পাঁচ মামলার আসামি রাহুলকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তি থেকে রাহুলকে গ্রেপ্তার করা হয়। রাহুলের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়ার পথে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালায়।
হামলার সময় রেললাইনের পাথর কুড়িয়ে পুলিশ সদস্য কনস্টেবল মাসুদকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়, যার ফলে তিনি গুরুতর আহত হন। এই সুযোগে হামলাকারীরা রাহুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানিয়েছেন, আসামি ও হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
প্রতিনিধির নাম 
























