ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রশিবিরের এক নেতাকে থাপ্পড় দেয়ার ঘটনায় ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ছাত্রদল কর্মী আলিনূরকে হলের অবৈধ শিক্ষার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শহীদ জিয়াউর রহমান হলের ২১৭ নম্বর কক্ষে প্রায় ছয় মাস ধরে অবস্থান করলেও তার বৈধ সিট বরাদ্দ নেই বলে জানিয়েছে হল প্রশাসন। হলটির প্রভোস্ট অধ্যাপক ড. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
আলীনূর বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। হল সূত্রে জানা যায়, শহীদ জিয়াউর রহমান হলের সিট বণ্টনের প্রশাসনিক তালিকায় তার নাম নেই। ২০২৫ সালের নভেম্বরের পর প্রকাশিত সিট তালিকায়ও তার নাম পাওয়া যায়নি।
হল প্রভোস্ট অধ্যাপক ড. সেলিম রেজা বলেন, ‘গতকাল আমি অফিসের কর্মকর্তাদের কাছ থেকে শুনেছিলাম, আলিনূর বৈধভাবে হলে অবস্থান করছিল। পরে তথ্য পাওয়ার পর সকালে বোর্ডে এসে দেখি, অবৈধভাবে হলে অবস্থান করা ৩৩ জনের তালিকায় আলিনূরের নাম রয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত আলীনূরকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। গত শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে শিবির নেতাকে ছাত্রদল কর্মীর থাপ্পড় মারার ঘটনা ঘটে।
প্রতিনিধির নাম 





















