সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের মো. আমিন উদ্দিন (৪৭) নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রিয়াদ–তায়েফ সড়কের আল কোমরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আমিন উদ্দিন দীর্ঘ ২৭ বছর ধরে সৌদি আরবে বসবাস করছিলেন এবং তায়েফ এলাকায় একটি কফি শপের ব্যবসা পরিচালনা করতেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বর্মা উত্তর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। বর্তমানে তার পরিবার শহরের জয়নগর বাজার এলাকায় বসবাস করছে।
দুর্ঘটনার সময় আমিন উদ্দিনসহ চারজন যাত্রী একটি গাড়িতে ছিলেন। গাড়ির মূল চালকের ভাতিজা গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর চালকের ভাতিজা পালিয়ে যান। নিহতের পরিবার জানায়, আমিন উদ্দিনের মরদেহ বর্তমানে তায়েফ আল-মরুয়া এলাকার একটি হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের ছোট ভাই মোহাম্মদ জসিম উদ্দিন জানান, আমিন উদ্দিন মঙ্গলবার সকালে দেশে ফেরার কথা ছিল। তিনি বিমানের ফিরতি টিকিটের ছবি পাঠিয়ে পরিবারের সদস্যদের প্রস্তুতি নিতে বলেছিলেন। কিন্তু দুর্ঘটনার খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানিয়েছেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মরদেহ দেশে আনার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
প্রতিনিধির নাম 





















