ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে।’
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস পরিবারের মধ্যে শুরু করার আহ্বান জানান। তিনি বলেন, ‘তোমরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে।’
শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু পাঠ্যবইয়ে মনোযোগ দিলেই হবে না; নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করতে হবে।’
তিনি প্রাণী ও জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের চারপাশের অসহায় ও অবলা প্রাণীদের প্রতিও যত্নবান হতে হবে।’
এদিন ৪২ জন শিক্ষার্থী সংসদ অধিবেশন দেখতে সংসদ ভবনে আসে। তাদের সঙ্গে পাঁচজন শিক্ষক ও পরিচালনা কমিটির দুজন সদস্যও ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।
প্রতিনিধির নাম 























