প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন জানিয়েছেন, সরকার বড় শহরের পরিবর্তে মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, এমন একটি নগরব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, যা মানুষের জীবনে গুণগত পরিবর্তন আনবে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ন্যাশনাল আরবান ফোরাম-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাহ্দী আমিন উল্লেখ করেন, দেশের এক-তৃতীয়াংশ মানুষ নগর এলাকায় বসবাস করে এবং এখান থেকেই জাতীয় জিডিপির প্রায় দুই-তৃতীয়াংশ অর্জিত হয়।
তিনি জানান, দ্রুত নগরায়নের ফলে আবাসন, গণপরিবহন, পানি সরবরাহ, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। নগরের টেকসই উন্নয়ন পরিমাপের জন্য মানুষের জীবনমানের উন্নয়নকে সাফল্যের মূল মাপকাঠি হিসেবে উল্লেখ করেন তিনি।
মাহ্দী আমিন বলেন, নগর নীতিমালার সফল বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ও স্থানীয় সরকার, সিটি করপোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, বেসরকারি খাত ও নাগরিক সমাজের মধ্যে সমন্বয় প্রয়োজন। তিনি নাগরিক সেবার মান বাড়াতে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
ফোরামের মূল প্রতিপাদ্য 'ফ্রম পলিসি টু অ্যাকশন' বর্তমান সরকারের স্বপ্ন ও আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, বাংলাদেশ ইতোমধ্যে পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে।
প্রতিনিধির নাম 






















