ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে ভারত সফর করবেন। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী। সঠিক সময়ে সব আয়োজন হবে।’
সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী উল্লেখ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ভারত সরকারের সবসময় ভারত সফরের আমন্ত্রণ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতা ও সুসম্পর্ক বজায় থাকবে।
দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের মধ্যে বৈঠক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার কাজ থেমে থাকার কোনো কারণ নেই। শীর্ষ পর্যায়ের বৈঠক আজ না হলেও কাল বা পরশু হতে পারে।’
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে দুই দেশের সহযোগিতার বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাতাস, নদী, জলবায়ু কিংবা বন্যপ্রাণীর কোনো সীমান্ত নেই। এসব সংকট যৌথ উদ্যোগের মাধ্যমে মোকাবিলা করতে হবে।’
এর আগে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ভারতের হাইকমিশনার। পরিবেশমন্ত্রী বলেন, দুই দেশের জনগণের স্বার্থ এবং বাণিজ্যিক ও পরিবেশগত নির্ভরতা বেশি গুরুত্বপূর্ণ, ফলে সহযোগিতার পথ থেমে থাকবে না।
প্রতিনিধির নাম 




















