রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে জাপান। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জাপান সরকারের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়া।
বৈঠকে সাসাকাওয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করছেন। মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ে তার ভূমিকার কথাও প্রধানমন্ত্রীকে জানান তিনি।
সাসাকাওয়া রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশের ওপর চাপের কথা উল্লেখ করে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত। এ সময় জাপান সরকারের বিভিন্ন অনুদান ও মানবিক সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অন্যতম বড় সংকট হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় দেশের অর্থনীতি ও অবকাঠামোর ওপর চাপ বেড়েছে।
সাসাকাওয়া জানান, মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। তিনি মনে করেন, মিয়ানমার সরকার সংকট সমাধানে আন্তরিক। তবে বর্তমান পরিস্থিতির কারণে প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি হতে সময় লাগছে।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপনে সহযোগিতার জন্য সাসাকাওয়াকে আহ্বান জানান। এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন তিনি।
প্রতিনিধির নাম 























