জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিয়েছে শাখা ছাত্রদল। রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটসংলগ্ন ওভারব্রিজে টাঙানো ব্যানারটি নামিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
ব্যানারটিতে শিক্ষার অধিকার, শিক্ষার্থীদের বিরুদ্ধে অন্যায়, অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার, মিথ্যা মামলা প্রত্যাহার, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়। এতে লেখা ছিল, ‘শিক্ষার পূর্ণ অধিকার নিশ্চিত করতে হবে’, ‘অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে’ ইত্যাদি।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, তারা লক্ষ্য করছেন যে, নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে নানা ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি জানান, ছাত্রলীগের সভাপতি সোহেলের ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানতে পারেন যে, ডেইরি গেটে একটি ব্যানার লাগানো হয়েছে। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে ব্যানারটি নামিয়ে ফেলেন এবং প্রতিবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুছ ছাত্তার বলেন, সিকিউরিটি অফিসারের মাধ্যমে জানা গেছে, ছাত্রলীগের একটি ব্যানার বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরের ওভারব্রিজে লাগানো হয়েছিল। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের ব্যানার ক্যাম্পাসে করার সুযোগ নেই।
প্রতিনিধির নাম 



















