চট্টগ্রামের রাউজানে সড়ক পারাপারের সময় ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. নুরুল ইসলাম টিটু (৫৫) নামে এক ইন্স্যুরেন্স কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের জলিল নগর আমানিয়া হোটেলের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম টিটু বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন এবং বর্তমানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের রাউজান জোনাল অফিসের অধীন বিনাজুরী শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, তিনি সড়ক পার হয়ে আমানিয়া হোটেলের দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রাউজান থানা ও হাইওয়ে পুলিশের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় অবরোধ তুলে নেওয়া হয়। দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
ঘটনাস্থলে উপস্থিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের রাউজান মডেল শাখার জোনাল ম্যানেজার সুজন বড়ুয়া জানান, টিটু অফিস থেকে বের হওয়ার ১৫ মিনিট পর দুর্ঘটনার খবর পান। তিনি বলেন, টিটুর মরদেহ শনাক্ত করতে তাদের কিছু সময় লেগেছিল।
এদিকে, সড়কের দুই পাশে অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
প্রতিনিধির নাম 























