বাংলাদেশ ব্যাংক জনগণের কাছে চাঁদের মতো হয়ে যাচ্ছে—এমন মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এর জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকেই সাধারণ মানুষকে সরাসরি যেতে হয় না।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই মন্তব্য করেন এমপি মনিরুল। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক জনগণের কাছে চাঁদের মতো হয়ে যাচ্ছে—দেখা যায়, শোনা যায় কিন্তু যাওয়া যায় না।’
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম মূলত দেশের আর্থিক ও মুদ্রানীতি পরিচালনা এবং ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত। তিনি আরও বলেন, ‘যদি সাধারণ মানুষকে যেতে হয়, তখন বুঝতে হবে দেশের অবস্থা ভালো নেই।’
একই অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, রাজস্ব আহরণ বাড়ানো এবং সরকারি অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া, সরকারি ঋণের সুদ ব্যয় ও ঝুঁকি কমাতে বাজারভিত্তিক ঋণ ব্যবস্থাপনা অনুসরণ করা হচ্ছে।
প্রতিনিধির নাম 






















