২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজিকে হজ প্যাকেজের উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দিচ্ছে সরকার। ইতোমধ্যে ১০ জন হাজির হাতে রিফান্ডের চেক তুলে দেওয়া হয়েছে। অন্য হাজিদের টাকা ইএফটির মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এ সময় উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালে হজ পালনের জন্য তিনটি প্যাকেজ ছিল। বাড়িভাড়া কম হওয়া এবং সার্ভিস চার্জের নেগোশিয়েশনের মাধ্যমে প্যাকেজভিত্তিক খরচের উদ্বৃত্ত অর্থ হাজিদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হজ প্যাকেজ-১ (বিশেষ)-এর আওতায় হোটেল বুশরা আল দুররাতে অবস্থানকারী পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা করে ফেরত পাবেন।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ জন হাজির চিকিৎসা ব্যয় তাদের স্বাস্থ্য বিমার অর্থের চেয়ে বেশি হওয়ায় তারা কোনো রিফান্ড পাবেন না। এছাড়া, রিফান্ডসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সব অনুদান বা সহায়তার অর্থ কেবল ব্যাংক হিসাবে পাঠানো হয়।
প্রতিনিধির নাম 























