শ্রমজীবী মানুষকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, দক্ষ শ্রমিক দেশের অন্যতম বড় উৎপাদনশীল সম্পদ এবং তাদের দক্ষতা বাড়ালে শিল্পের সক্ষমতা ও দেশের প্রতিযোগিতার শক্তি বৃদ্ধি পায়।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সম্মেলন ও সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। সভার শিরোনাম ছিল ‘মর্যাদা, অধিকার, ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাবার প্রত্যয়’。
মাহদী আমিন আরও বলেন, শ্রমিকের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা। তিনি নিরাপদ কর্মপরিবেশকে প্রতিটি শ্রমিকের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করেন এবং বলেন, শ্রমিকের কল্যাণ মানে একটি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
নতুন শিল্প ও কর্মসংস্থানের জন্য আগামী প্রজন্মের শ্রমশক্তিকে প্রস্তুত করার পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে শ্রমিকের দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতায় বিনিয়োগ করার ওপর জোর দেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতারা। মাহদী আমিন শিল্পখাতের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক-শ্রমিক সুসম্পর্ক এবং অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, মালিক ও শ্রমিককে এক হয়ে কাজ করতে হবে এবং সরকারের ‘ত্রিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা’ (ট্রাইপারটাইট কনসালটেশন)-এর মাধ্যমে শিল্প খাতকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রতিনিধির নাম 























