বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প ও বহুমুখী জ্বালানি উৎস খুঁজছে।
আজ শনিবার রাজধানীতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, একটি নির্দিষ্ট উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যুদ্ধ বা বৈশ্বিক সংকটের সময়।
শামা ওবায়েদ জানান, সরকার আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি উৎস নিয়ে কাজ করছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, এলএনজির নতুন উৎস এবং ব্লু ইকোনমির সম্ভাবনা নিয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে গুরুত্ব দিচ্ছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভবনকে শতভাগ সৌরবিদ্যুতের আওতায় আনা হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তর ও স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
শামা ওবায়েদ আরও জানান, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগে চীন, জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। এলএনজি আমদানির ক্ষেত্রেও একাধিক উৎস নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।
অর্থনৈতিক কূটনীতি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে সরকার কাজ করছে এবং বিনিয়োগকারীদের হয়রানি কমাতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিনিধির নাম 






















