যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোরের চুরামনকাটি এলাকায় এই ঘটনা ঘটে। মা ও নবজাতক উভয়েই বর্তমানে সুস্থ রয়েছেন।
কারা সূত্রে জানা গেছে, মহিলা হাজতি নং-৩৮০/২৬ বৃষ্টি খাতুন (১৯) উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তার প্রসববেদনা শুরু হয় এবং তিনি অ্যাম্বুলেন্সেই একটি পুত্রসন্তানের জন্ম দেন।
নবজাতকের জন্মের খবর পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মা ও শিশুর চিকিৎসা ও সহযোগিতার ব্যবস্থা করেন। নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার, অলিভ অয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এছাড়া মা ও নবজাতককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, কারা মহাপরিদর্শকের দিকনির্দেশনা অনুযায়ী মানবিক দৃষ্টিকোণ থেকে মা ও নবজাতকের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মা ও শিশুটি সুস্থ রয়েছেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতকের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 
























