আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে ড. নূরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর মদীনা মার্কেটে অনুষ্ঠিত এক মিলনায়তনে মহানগর জামায়াতের থানা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী দিনে এই ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম ড. নূরুল ইসলাম বাবুলের সততা, দক্ষতা ও নৈতিক চরিত্রের ওপর গুরুত্বারোপ করেন এবং নগরীর প্রতিটি ঘরে তার বার্তা পৌঁছে দিতে ও ইনসাফভিত্তিক আধুনিক সিসিক গঠনে ঐক্যবদ্ধ গণসংযোগ জোরদারের নির্দেশ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মনোনীত মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল এবং সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।
প্রতিনিধির নাম 



















