রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
ডিএসসিসি প্রশাসক বলেন, হকারদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে মতিঝিলে অফিস সময়ের পর নাইট মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে। বিকেল ৪টার পর থেকে সেখানে হকাররা বসতে পারবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সপ্তাহের সাত দিন সব জায়গায় হকার বসতে দেওয়া সম্ভব নয়। নির্ধারিত স্থানে নিয়ম মেনে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে ব্যবসা করতে হবে।
প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে বলেও জানান আবদুস সালাম। নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
ডিএসসিসি প্রশাসক জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সুবিধাজনক প্রতিটি স্থানে গাছ লাগানো হচ্ছে। পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে ডিএসসিসির প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩ লাখ হলেও আরও বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রায় ৬৭ হাজার গাছ লাগানো সম্পন্ন হয়েছে।
পুরান ঢাকার অপরিকল্পিত নগরায়ণের চ্যালেঞ্জ উল্লেখ করে আবদুস সালাম বলেন, ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে নানা নাগরিক সমস্যা বিদ্যমান। এসব সমাধানে করপোরেশন নিরলস কাজ করছে, তবে স্থানীয় নাগরিকরা পরিবেশ রক্ষায় এগিয়ে এলে এ কাজ আরও সহজ হবে।
প্রতিনিধির নাম 




















